আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলনের নামে বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে গাড়ি ভাংচুর, পুলিশকে মারপিট ও মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকর করেছে এবং যুদ্ধাপরাধীদের বিচারও করবে। এর কোনো বিকল্প নেই। গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ মুজিবুল হক রেলমন্ত্রী এবং মোহাম্মদ নাসিম প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনির্বাচিত কোন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না। তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার চান, তবে বিগত তত্ত্বাবধায়ক আমলের নির্যাতনের সেই ২ বছর ফেরত দেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেলমন্ত্রী মুজিবুল হক, মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, কাজিপুরের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উল্লাপাড়ার সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ মন্ডল, বাংলাদেশ মেডিক্যাল কাউন্সিলের পরিচালক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কে. এম. হোসেন আলী হাসান প্রমুখ।
