মির্জা ফখরুলের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনভর বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। সকালে প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মানববন্ধন করে। দুপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। বিকালে জেলা বিএনপির সমাবেশে বক্তারা রংপুর এবং পুরো বিভাগে আগামী সোমবার হরতাল পালনের আহ্বান জানান। হরতালে বাধা দিলে লাগাতারা হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। বিকালে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান লাকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম পিন্টু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ডন, জেলা ছাত্রদলের সভাপতি জহুরুল আলম নয়ন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রাজী মো. তাহের প্রমুখ।