সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৯
মঠবাড়িয়ায় আইনজীবী সমিতির নির্বাচন মঠবাড়িয়া সংবাদদাতা \ বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৩ মঠবাড়িয়া আইনজীবী কল্যাণ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া সংবাদদাতা এডভোকেট সুশীল চৌধুরী সভাপতি ও এডভোকেট রফিকুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এসময় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ মজিবর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দি খান, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ও মঠবাড়িয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিরসরাইয়ে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ মিরসরাই সংবাদদাতা \ শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইর মেধাবৃত্তি পরীক্ষা ১২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার মীর কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১২৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চরফ্যাশনে জমিয়াতুল মোদাররেছিনের অফিস উদ্বোধন চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের চরফ্যাশন অফিস উদ্বোধন করেছেন এমপি জ্যাকব। পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ হড়িবাড়ী এলাকায় এ অফিস উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক জামালউদ্দিন মহাজন উপস্থিত ছিলেন। রৌমারীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমাবেশ রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সমাবেশ হয়েছে। রৌমারী ও রাজীবপুর উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে শুক্রবার রৌমারী ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোগবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া উপস্থিত ছিলেন। গাইবান্ধায় শিশু সাংবাদিক নির্বাচন গাইবান্ধা প্রতিনিধি \ জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক নির্বাচন চলছে। এর ধারাবাহিকতায় বুধবার গাইবান্ধায় ১২ শিশু-কিশোরকে বাছাই করে বৃহস্পতিবার এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এরপর সনদপত্র দেয়া হয়। সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধা জেলার একমাত্র ভারি শিল্প-কারখানা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মো. আবু সুফিয়ান সুজা ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. তোফাজ্জল হোসেন ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্রীপুর প্রেসক্লাবের নির্বাচন শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা\ ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গত শুক্রবার মাগুরা শ্রীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য অপূর্ব কুমার মিত্রের সভাপতিত্বে দৈনিক ডেসটিনির মাগুরা জেলা প্রতিনিধি মুসাফির নজরুলকে সভাপতি, দৈনিক ইত্তেফাকের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মো. আশরাফ হোসেন পল্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। চাটমোহরে শিখন কর্মসূচির মতবিনিময় চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনা চাটমোহরে সেভ দ্যা চিলড্রেনের শিক্ষা কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে শিখন কর্মসূচির মতবিনিময় সভা সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন। আগৈলঝাড়ায় কম্পিউটার এপ্লি¬কেশন সমাপনী পরীক্ষা আগৈলঝাড়া (বরিশাল)সংবাদদাতা\ আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, উত্কর্ষ সাধন ও নিজেদের স্বাবলম্বী করার যুবশক্তিকে সম্পদে পরিণত করতে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি-‘বিসিড্স’ কর্তৃক পরিচালিত আগৈলঝাড়ার রুদ্র কম্পিউটার্সের ব্যবস্থাপনায় কম্পিউটার এপ্লি¬কেশন বেসিক কোর্সের ৩৮তম ব্যাচ ও ডিপ্লে¬ামা কোর্সের ১৮ তম ব্যাচের সমাপনী পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সেরা ক্যাডেট মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট কাকুলি আক্তার খুলনায় অনুষ্ঠিত আঞ্চলিক ক্যাম্পে ৩টি প্রতিযোগিতায় ২ টিতে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান লাভ করে সেরা ক্যাডেট হওয়ার গৌরব অর্জন করেছে। কুমিল্লায় শতাধিক জামায়াতের কর্মীর বিরুদ্ধে মামলা কুমিল্লা প্রতিনিধি\ জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গ্রেফতারের পর কুমিল্লায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাংচুরের অভিযোগে জামায়াত-শিবিরের ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করে। নেত্রকোনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার শেষ দিনে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে হাতি নিয়ে শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ খান রনি এবং সম্পাদক খোরশেদুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে সমাপ্ত হয়। উলিপুরে এসএসএস’র স্বাস্থ্য ক্যাম্প উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন বেগমগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র পরিবারের স্বাস্থ্যসেবা বঞ্চিত ১২০জনকে চিকিত্সাসেবা দিয়েছে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। বৃহস্পতিবার পিকেএসএফ-এর সংযোগ প্রকল্পের আওতায় সংস্থাটির বেগমগঞ্জ শাখার উদ্যোগে ইসলামপুর চৌমুহনী শাহীদার বাড়িতে ‘মা নবজাতক শিশু ও সাধারণ স্বাস্থ্য’ বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়। বগুড়ায় সিপিবি-বাসদের মিছিল-সমাবেশ বগুড়া প্রতিনিধি\ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ যৌথ উদ্যোগে পতাকা মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শুক্রবার শহরের সাতমাথা চত্বরের দক্ষিণপাশে সমাবেশে বক্তারা বলেন, বোরো মৌসুমের শুরুতেই দাম বৃদ্ধির মাধ্যমে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আড়াইহাজারে মোটর সাইকেল চুরি গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারে মোটর সাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের শাহজালাল ভবনের সামনে এই ঘটনা ঘটে। মোটর সাইকেলের মালিক ও পপুলার ওষুধ কোম্পানির প্রতিনিধি শাহিন জানান, সন্ধ্যায় ওই স্থানে মোটর মাইকেলটি রেখে বাজারে গেলে এসে দেখি মোটরসাইকেলটি নেই। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পটুয়াখালীতে বেগম রোকেয়া দিবস পালন পটুয়াখালী প্রতিনিধি\ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পটুয়াখালীতে পালিত হয় বেগম রোকেয়া সাখাওয়াত্ হোসেনের ১৩৩তম জন্ম দিবস ও বেগম রোকেয়া দিবস। জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। পীরগঞ্জে আলোচনা সভা পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের পীরগঞ্জে উপজেলা ও ইউনিয়ন গভর্ন্যান্স প্রকল্প সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রফিকুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- সহকারী কান্ট্রি ডিরেক্টর ও হেড অব লোকাল গভর্ন্যান্স ক্লাস্টার ইউএনডিপি বাংলাদেশের সায়েলা খান। বাকৃবি সাংবাদিক সমিতির পুনর্মিলনী বাকৃবি সংবাদদাতা\ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির শুক্রবার সাংবাদিকদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সাবেক সাংবাদিকদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) গ্যালারিতে অনুষ্ঠিত হয়। বাকৃবিসাস-এর সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাবেক সাংবাদিকবৃন্দদের ক্রেস্ট প্রদান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, বাকৃবি সাংবাদিক সমিতি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের কমিটি গঠন বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি গত বুধবার গঠন করা হয়েছে। এ.কে.এম. সেলিমকে চেয়ারম্যান ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন: ভাইস-চেয়ারম্যান ইমরান খান, এম. আবদুল হাই, সহ-সাধারণ সম্পাদক মো. আয়াছ মিয়া, শাহ শামীম আহমদ। রাজশাহীতে সিপিবি ও বাসদের বিক্ষোভ রাজশাহী অফিস\ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। মহানগরীর গণকপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সিপিবির জেলা সভাপতি কমরেড এনামুল হকের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লাভলু, লক্ষ্মী চক্রবর্তী ও রাজশাহী মহানগর সভাপতি কমরেড আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। ফুলছড়িতে ফেনসিডিলসহ আটক এক ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা\ গাইবান্ধার ফুলছড়ি ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার বালাসি ঘাট থেকে ৩৫বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ আইনুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। মোটর সাইকেলযোগে ফেনসিডিল নিয়ে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে ঘাটে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।