গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, সরকারকে আগামী মঙ্গলবারের মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আর সরকার সেটি না করলে সেদিনই মোর্চা রাজধানীতে গণবিক্ষোভ ও পদযাত্রার মাধ্যমে প্রতিবাদসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
গতকাল শনিবার গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে একথা বলা হয়। গণসংহতি আন্দোলন কার্যালয়ে বাম মোর্চার প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বৈঠকে বলা হয়, সরকার আইএমএফ-এর নির্দেশে পঞ্চমবারের মত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বর্তমান সরকার কুইক রেন্টালের লুটপাটের দায় মেটাতে ছয় দফা বিদ্যুতের দাম বাড়িয়েও ক্ষান্ত হয়নি। আবারও দাম বাড়ানোর তত্পরতা চালাচ্ছে। রাষ্ট্রীয় বৃহত্ বিদ্যুত্ প্লান্টগুলোর নবায়ন ও মেরামত না করে কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুত্ কেনার আত্মঘাতী সিদ্ধান্তের ফলে বার বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে হচ্ছে। এই প্রক্রিয়ায় এক শ্রেণীর লুটেরার পকেট ভারি হচ্ছে আর জনগণের পকেট ফাঁকা হচ্ছে। এতে করে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়সহ একদিকে জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সমস্ত উত্পাদন খাতের ওপরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বাম মোর্চা আন্দোলনের মাধ্যমে সরকারের এ ধরনের গণবিরোধী তত্পরতা রুখে দেবে। এদিকে গতকালের বৈঠক সম্পর্কে বাম মোর্চার সূত্র জানায়, নেতৃবৃন্দ সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করার বিষয়ে একমত হয়েছেন। আর সে অনুযায়ী ইতোমধ্যেই বিভিন্ন বাম ও গণতান্ত্রিক শক্তির সাথে আলোচনা শুরু করা হয়েছে। আলোচনা অগ্রসর হচ্ছে এবং তার ভিত্তিতে শীঘ্রই হরতালসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
