যশোরের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে চোরাচালান পণ্য আটক করতে গিয়ে বিজিবি ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২ বিজিবি সদস্য আহত ও একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। বিজিবির কড়া পাহারায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চোরাকারবারির চিকিত্সা চলছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের হাড়িখালি নামক স্থানে বিজিবির একটি দল চোরাচালান পণ্য আটক করতে গেলে সংঘবদ্ধ চোরাচালানি চক্র তাদের ওপর হামলা চালায়। হামলায় বিজিবির ল্যান্স নায়েক আরিফ হোসেন ও নায়েক সিরাজুল ইসলাম সিরাজ আহত হন। আক্রমণ ঠেকাতে বিজিবি ৪ রাউন্ড গুলি ছুঁড়লে আজগর আলী (৪৫) নামে একজন চোরাচালানি গুরুতর আহত হয়। আজগর নাভারন এলাকার কিনা গাজীর ছেলে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি ঘটনাস্থল থেকে ৭শ কেজি ভারতীয় জিরা ও ৯৩ বোতল ফেনসিডিল আটক করেছে।
