দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে দলগুলোকে একটি সমঝোতায় পৌঁছতে হবে। সংলাপের কোন বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, আমি হরতাল ঘৃণা করি। শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের ভাষা খুঁজে বের করতে হবে।
গতকাল শনিবার সকালে গুলশানে আমেরিকান ক্লাবে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মজীনা এসব কথা বলেন। ইউএস-বাংলাদেশ এডভাইজারী কাউন্সিল (ইউএসবিএসি) আয়োজিত এই সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক, ছাত্র, শিক্ষক, কর্পোরেট ব্যক্তিত্বগণ এই সেমিনারে অংশ নেন। পেশাগত জীবনে সফলভাবে তারা অর্জিত জ্ঞান ও সাফল্য দেশে প্রয়োগ করবেন বলে সেমিনারে বলা হয়।
রাষ্ট্রদূত মজীনা তার বক্তৃতায় বলেন, হরতালের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানাতে হবে।
হরতালে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, নেতিবাচক প্রভাব ফেলে। যারা দিন আনে দিন খায় তারা খুব কষ্টের মধ্যে পড়ে। আমি সব দলকে আহ্বান জানাই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এমন একটি উপায় খুঁজে বের করে প্রতিবাদ জানান। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে নেতৃবৃন্দ সংলাপে বসবেন। নেতৃবৃন্দের সবাই দেশকে ভালবাসেন। সংলাপের বিকল্প নেই। স্বাভাবিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে সবাই সংলাপকেই বেছে নিবেন। কারণ সবাই অভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন ইউএসবিএসির চেয়ারপারসন সাব্বির আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক সামারুখ মহিউদ্দিন, মায়মুনা আহমেদ, মইন গনি, আবুল আজাদ, ইমতিয়াজ চৌধুরী, আনির চৌধুরী, দিদার ইসলাম প্রমুখ।
