মহিলা শিবির সন্দেহে সাতজন আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ইসলামী ছাত্রী সংস্থার কর্মী (মহিলা শিবির) সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন:জোসনা বেগম (৫০), ফাতেমা এবং সাদিয়া। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব ও পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জনকে র্যাব ও বাকিদের আটক করে পুলিশ। তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নারী অধিকার আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে যোগ দিতে এসেছিলেন তারা। আটক অভিযানে থাকা একজন র্যাব কর্মকর্তা জানান, উপরের নির্দেশ ছিল গোলটেবিল বৈঠক শেষে তাদের আটক করার। আমরা তাই করেছি। এর আগে ১৭ ডিসেম্বর মগবাজারে ইসলামী ছাত্রী সংস্থার কার্যালয় থেকে তাদের ২০ কর্মীকে গ্রেফতার করা হয়। আর এসব কর্মীর ওপর নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।