বেকার ব্যক্তি মাত্রই কর্মহীন থাকার যন্ত্রনাটুকু বুঝেন। ঠিক যেমনটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা এডাম প্যাসিটিও। ব্রিটেনের ২৪ বছর বয়সী এই তরুণ মিডিয়া প্রোডাকশনের উপর তার পড়াশোনা শেষ করার পর থেকে কমপক্ষে আড়াইশ জায়গায় চাকরির আবেদন করেন। কিন্তু কী এক অদ্ভুত কারণে কোনো প্রতিষ্ঠান থেকেই যুতসই কোনো চাকরির সুযোগ আসছিল না এডামের। অগত্যা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে তুলে ধরতে নিজে থেকেই অভিনব এক উদ্যোগ নেন এডাম। যোগ্যতা আর সক্ষমতার বিবরণ দিয়ে খুলে বসেন একটি ওয়েবসাইট। আর সেই সাথে চাকরির আবেদন জানিয়ে লন্ডনের গুরুত্বপূর্ণ একটি স্থানে ঝুলিয়ে দেন বিশাল আকৃতির এক বিলবোর্ড যাতে লেখা ছিল ‘আমি আমার সঞ্চয়ের শেষ ৫০০ পাউন্ডও খরচ করেছি এই বিলবোর্ডের পেছনে। তাই অনুগ্রহ করে আমাকে একটি চাকরি দিন।’ এর আগে চাকরি চেয়ে বানানো ওয়েবসাইট এমপ¬য়এডাম ডট কমে নিজের বিপণন দক্ষতার নানা দিক তুলে ধরেন এডাম। তিনি লেখেন ‘আমার ইনবক্স লক্ষ করলেই আপনারা দেখবেন কীভাবে গত তিন মাসে আমি ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করে বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছি। আমি তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এবং খানিকটা অপদার্থ এই মিডিয়ায় একটা কাজ চাইছি। তাই আপনাদের কেউ যদি আমাকে আপনার কোনো কাজের জন্য আদর্শ প্রার্থী বলে মনে করেন তাহলে দয়া করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং সত্যি করে বলতে একটা কাজের জন্য আমি মুখিয়ে আছি।’ বলা বাহুল্য অভিনব এই আবেদনের পর সামাজিক যোগাযোগের সাইট টুইটার এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওয়েবসাইট ও বিলবোর্ডের সুবাদে সহায়তার কথা জানিয়ে কয়েক হাজার ইমেইল আসে অ্যাডামের কাছে। মজার বিষয় হলো, এ ধরনের অভিনব পন্থায় নিজের প্রয়োজনের কথা জানিয়ে দেওয়ার এই উদ্যোগ এবারই প্রথম নয়। বরং এর আগেও এডাম নামের এই তরুণ তার স্বপ্নের তরুণীকে খুঁজে বের করতে তথ্যপ্রযুক্তির অভিনব প্রয়োগ ঘটিয়েছিলেন। তার স্বপ্নকন্যা যেমন হতে পারে তার একটি চিত্ররূপ বা স্কেচ ওয়েবসাইটে তুলে দিয়ে এ ধরনের কেউ থাকলে তার কথা জানাতে অনুরোধ করেছিলেন অ্যাডাম। সে যাত্রাতেও মিডিয়ার মনোযোগ পাওয়া দ্য গার্ল অব মাই ড্রিম ডট কো ডট ইউকে নামের ওয়েবসাইটটিতে ৪০ লাখেরও বেশি হিট পান অ্যাডাম প্যাসিটি নামের এই পাগলাটে তরুণ।
