মে মাসে আসছে গ্যালাক্সি এস ৪

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
অ্যাপল যেমন আইফোন দিয়ে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে, তেমনি স্যামসাংয়েরও রয়েছে গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোন। স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে এই গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলো। ইতোমধ্যেই এই সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে এনেছে তারা। প্রতিটি ফোনই লাভ করেছে জনপ্রিয়তা। বিশেষ করে গত বছরের মে মাসে বিক্রি শুরু হওয়া গ্যালাক্সি এস৩ এর আগের ফোনগুলোর তুলনায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়। আর তার সাফল্যে অনুপ্রাণিত হয়েই স্যামসাং কাজ করা শুরু করেছে গ্যালাক্সি এস৪ নিয়ে। সম্প্রতি স্যামসাং জানিয়েছে, আসছে মে মাসে তারা আনুষ্ঠানিকভাবে বাজারে আনবে গ্যালাক্সি এস৪। জানা গেছে, চতুর্থ সংস্করণের এই গ্যালাক্সি এস ফোনে থাকবে ৪.৯৯ ইঞ্চি সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যার পিক্সেল ঘনত্ব প্রতি ইঞ্চিতে ৪৪১ পিক্সেল। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে ২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এর ক্যামেরাটি, যার রেজ্যুলেশন ১৩ মেগাপিক্সেল। সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজ্যুলেশনও বাড়ানো হবে বলেই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, এমনভাবে এই ডিসপ্লে তৈরি করা হয়েছে যেন একে ভাঙা না যায়। শুধু তাই নয়, গ্যালাক্সি এস৪ নমনীয় হবে বলেও গুজব রয়েছে প্রযুক্তি বিশ্বে।