সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা এসি মিলান অথবা জুভেন্টাসে নাম লেখাতে পারেন বলে জানিয়েছেন তার এজেন্ট কার্লোস আরিনো বাজো।
ইতালির একটি ওয়েবসাইটের সাথে এক সাক্ষাত্কারে তার এজেন্ট বাজো জানান, চীনের সাংহাই শিনহুয়ার সাথে কেবল ছয় মাস কাটানোর পরই ইটালির এ ক্লাবগুলোর সাথে যোগাযোগ রাখছেন দ্রগবা। তিনি বলেন, ‘‘আমি মনে করি তার ইতালিতে আসার ভাল সুযোগ আছে। জুভেন্টাস ও এসি মিলানের দিক থেকে এ ব্যাপারে সত্যিকারের আগ্রহ আছে এবং দিদিয়েরের নিজেরও মনোভাব একই রকম। চীনাদের সাথে চুক্তির বিষয়টি কিরকম তা জানতে মিলান ও জুভেন্টাসের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। উভয়ের সাথেই আমাদের আরো যোগাযোগ এবং বৈঠক হবে। সে সিরি এ’র মতো বিশ্বের অন্যতম সেরা লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।’
যদিও জুভেন্টাসের কোচ আন্তোনিও কন্তে শনিবার জানিয়েছেন যে, আইভরি কোস্টের ৩৪ বছর বয়সী এই অধিনায়কের সম্ভাব্য দলবদলের ব্যাপারে তিনি এখনও কিছু জানেন না। সাম্পদোরিয়ার বিপক্ষে খেলাটির প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দ্রগবার ব্যাপারে জানতে চেষ্টা করছি। কিন্তু ক্লাব তার ব্যাপারে এখনো আমার কাছে কিছু প্রস্তাব করেনি, আবার আমার তরফেও সেরকম কিছু করা হয়নি। এর সাথে আর্থিক বিষয়টিও জড়িত, যা মাথায় রাখতে হবে। যে কোন ট্রান্সফারই হতে হবে ভাল মানের এবং স্বল্প ব্যয়ের।
এসি মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ক্লাব সভাপতির নীতি হলো তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করা। আমার মনে হয় না দ্রগবাকে সই করানোর বিষয়টি ঘটতে যাচ্ছে।’
উল্লেখ্য, সাংহাই শেনহুয়ার সাথে দুই বছরের জন্য খেলতে চুক্তিবদ্ধ হয়েছিলেন দ্রগবা। চীনের সুপার লিগের ক্লাবটির সাথে এ চুক্তির ফলে তিনি হন চীনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। চুক্তির মেয়াদকালে তিনি আড়াই কোটি পাউন্ড পাবেন বলে শোনা গিয়েছিল। -বাসস
