বিরোধীদলের ডাকা হরতালের কারণে গতকাল শেয়ারবাজারে দিনের শুরুতে মিশ্র ভাব দেখা যায়। ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত সূচক বেড়েছে সামান্য। তবে হরতালের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা ছিল কম। ফলে বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আর যারা লেনদেন করেছেন তাদের বেশিরভাগই লেনদেন করেছেন দূরালাপনীর মাধ্যমে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ২৬৭টি কোম্পানির ৪ কোটি ৫৫ লাখ ৩২ হাজার ৫৮৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৮৯ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৮০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোম্পানি হলো:বেক্সিমকো, ইউনিক হোটেল, পূবালী ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, সামিট পাওয়ার, এনবিএল ও বেক্সিমকো ফার্মা। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:বিআইএফসি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ১ম বিএসআরএস, এফএএস ফাইন্যান্স, ফার্স্টলিজ, মেঘনা পেট্রোলিয়াম, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, এনএইচএফআইএল ও যমুনা অয়েল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:রহিম টেক্সটাইল, এফবিএফআইএফ, এপেক্স স্পিনিং, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ, ৮ম আইসিবি, ঢাকা ডাইং ও ১ম প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৭৬২ টাকা। লেনদেনকৃত ১৬৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ারের দাম।
