সা ফ ল্য
এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীন: পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্ঘ এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের দুই নারী ; ১৯ মে নিশাত মজুমদার এবং ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করে নারীর সাহস বাড়িয়ে দেয়ার দৃষ্টান্ত হয়ে উঠেছেন।
র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত সৈয়দা রিজওয়ানা হাসান: এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০১২ পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
ওয়াংগারি মাথাই পুরস্কার লাভ: বনরক্ষা, বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য ওয়াংগারি মাথাই পুরস্কার পান বাংলাদেশের টেকনাফের খুরশিদা বেগম। তিনিই প্রথম এ সম্মান অর্জন করেন।
প্রথম এশিয়া ক্রিস্তোফ মেরো পুরস্কার অর্জন: ইন্সতিতুত দ্য ফ্রাসের ক্রিস্তোফ মেরো পুরস্কার ২০১২ লাভ করেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। ফেরদৌসী কাদরী শুধু প্রথম বাংলাদেশি নন, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রথম ডেপুটি গভর্নর: বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর হন নাজনীন সুলতানা। এর আগে তিনিই বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপক ও নির্বাহী পরিচালক হয়েছেন।
৩১তম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) প্রথম ফারহানা জাহান: ‘প্রথম’ শব্দটা সব সময় সবার জন্যই আকর্ষণীয়। আর সেই ‘প্রথম’ শব্দটা যদি বিসিএস পরীক্ষার আগে বসে যায়, তা হলে তো কথাই নেই। এমনটাই হয়েছে ফারহানা জাহানের ক্ষেত্রে। প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই অর্জন করেছেন ৩১তম বিসিএসে প্রথম হওয়ার গৌরব।
ক্রিকেটে সাফল্য: এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয় লাভ করে সেমিফাইনালে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ এবং টি-টোয়েন্টি ম্যাচেও সাউথ আফ্রিকাকে হারিয়ে নিজেদের সাফল্যের কথা জানান দিয়েছে তারা।
প্রথম এশিয়া অঞ্চল নারী পুলিশ সম্মেলন: নারী পুলিশের নেতৃত্বে মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম এশিয়া অঞ্চল নারী পুলিশ সম্মেলন। স্লোগান ছিল এশিয়া নারী পুলিশের নেতৃত্ব। সম্মেলনে ১১টি দেশের ৩৯ জন নারী পুলিশ সদস্য অংশ নেন।
হা রি য়ে ছি
মেহেরুন রুনি: ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিজ ফ্ল্যাটে সাংবাদিক খুনের ঘটনা দেশব্যাপী আলোচনার ঝড় তোলে।
সিদ্দিকা কবীর: ৩১ জানুয়ারি ২০১২ প্রখ্যাত পুষ্টিবিদ সিদ্দিকা কবীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পুষ্টি ও রান্নায় অবদানের জন্য তিনি ‘উইম্যান অব ইয়ার’ (ওয়েব) ‘শেলটেক’ ও ‘অনন্যা শীর্ষ দশ’-এর স্বীকৃতি পান।
শহীদ সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজী: ২০ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক ও সাহিত্যিক সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজী মৃত্যুবরণ করেন। নূরজাহান সিরাজী দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস ও হূিপণ্ডের জটিলতায় ভুগছিলেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর ইন্তেকাল: বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরী ইন্তেকাল করেন। দীর্ঘদিন রোগভোগের পর মঙ্গলবার রাতে তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
অগ্নিকাণ্ডে গার্মেন্টসকর্মী নিহত: ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে- এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। এটি পোশাক শিল্পে স্মরণকালের ভয়াবহতম অগ্নিকাণ্ড। গত বিশ বছরে দেশের বিভিন্ন পোশাক কারখানায় ২১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব নিহত শ্রমিকের প্রায় সবই নারী শ্রমিক। কারণ পোশাক শিল্পের ৮০ থেকে ৯০ ভাগ হচ্ছে নারী শ্রমিক।
ব্য র্থ তা
ভয়াবহ নৃশংসতা: বছর জুড়ে ছিল নারীর ওপর নির্যাতনের ভয়াবহ সব ঘটনা। এমন একটি দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন নারীর ওপর নির্যাতনের কোনো খবর প্রকাশ হয়নি পত্রিকার পাতায়। স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী বা স্বামীর পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, কন্যা সন্তান জন্ম নেয়ায় স্ত্রীকে তালাক, যৌতুক দিতে না পারার কারণে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়া, প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ, ধর্ষণ করা, ধর্ষণের পর হত্যা, ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা, বখাটেদের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যা- এমন সব খবর প্রতিদিনই প্রকাশিত হয়েছে।
আদালত পাড়ায় পুলিশের হাতে শ্লীলতাহানি: স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে মামলা করতে এসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধর্ষণের শিকার হয় মেয়েটি। ঘটনাটি ঘটে গত ২৯ মে মা-বাবাকে সঙ্গে করে ঢাকার নিম্ন আদালতে আসে মেয়েটি। সেখানে এক কথা দুই কথায় বাকবিতণ্ডার সূত্রে পুলিশ মেয়েটির বাবাকে পিটিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে মেয়েটিকে নিম্ন আদালত চত্বরের পাশে ক্লাবের ভেতর নিয়ে পুলিশ শ্লীলতাহানি ঘটায় এবং তাকে আটকে রাখে।
