হাসিহীন অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
অধিনায়ক মাইকেল ক্লার্ককে বিশ্রামে এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মাইক হাসিকে বাদ দিয়ে চলতি মাসে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করল গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাচকরা ক্লার্কের সাথে ডেভিড ওয়ার্নার এবং ম্যাথু ওয়েডকেও বিশ্রামে রাখা হয়েছে প্রথম দিকের ওয়ানডে ম্যাচে। তারা সবাই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে ছয় টেস্ট খেলেছে। ইনজুরি আক্রান্ত জুটি পেসার জেমস প্যাটিনসন এবং শেন ওয়াটসনকে নির্বাচনে আনা হয়নি। মেলবোর্নে আগামী ১১ জানুয়ারি প্রথম এবং অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকালই বর্তমানে ৩৭ বছর বয়সী হাসি টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। সিডনিতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষ হয়েছে একদিন আগেই। অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে দেয় শ্রীলংকাকে। শেষ হলো হাসি অধ্যায় সেই সাথে ৭৯ টেস্ট। অস্ট্রেলিয়ান মৌসুম শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন হাসি। প্রধান নির্বাচক জন ইনভারেটি জানান, হাসিকে পুরো সিরিজের জন্য বাদ দেয়া হয়েছে ২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে। ২০১৫ বিশ্বকাপের জন্য দল গঠনের চেষ্টা অস্ট্রেলিয়ার রয়েছে বলে জানান ইনভারেটি। তিনি বলেন, ‘মাইকেল অস্ট্রেলিয়ার দুর্দান্ত খেলোয়াড় ছিলেন দীর্ঘ সময় ধরে। দেশের ম্যাচজয়ী খেলোয়াড় তিনি। আমরা তার অভাব অনুভব করব।’ তবে একজন হাসি এই দলে রয়েছেন। ছোট ভাই ডেভিড হাসি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। এই দলে ওয়ানডেতে নতুন মুখ ফিল হিউজ, অ্যারোন ফিঞ্চ, উসমান খাজা ও বেন কাটিং। ক্লার্ক নেই তাই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি ওয়ানডে দলকে নের্তৃত্ব দেবেন। এদিকে অভিজ্ঞ উইকেট রক্ষক ব্রাড হাডিন ফিরেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, সাবেক টেস্ট ব্যাটসম্যান ডিন জোন্সকে প্রথম দুই ওয়ানডের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া দল : জর্জ বেইলি (অধিনায়ক), বেন কাটিং, জাভিয়ার ডোহার্টি, অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, ফিল হিউজ, ডেভিড হাসি, মিশেল জনসন, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাককে, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক।