কুড়িগ্রাম-১ আসনে ঘর গুছিয়ে স্বপ্ন দেখছে বিএনপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:০৮
কুড়িগ্রাম-১ আসনে ঘর গুছিয়ে স্বপ্ন দেখছে বিএনপি। নির্বাচনের এক বছর বাকি থাকলেও তারা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। দিচ্ছেন খুলি ও উঠোন বৈঠক। কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) বিএনপিতে দৃশ্যত কোন কোন্দল নেই। মূল দলসহ সকল অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায় পর্যন্ত রয়েছে নিয়মিত শক্তিশালী কমিটি। এ কারণে তাদের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত। এক সময়ে এ আসনে বিএনপিতে হাল ধরার মত কেউ না থাকায় সাংগঠনিক অবস্থা ছিল খুব খারাপ। সাইফুর রহমান রানা এ দলের হাল ধরার পর থেকে অবস্থার আমূল পরিবর্তন হয়। বর্তমান অবস্থা অত্যন্ত ভালো হলেও কিছু পদ বঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি থেকে কার্যনির্বাহী কমিটির সভাপতিসহ ৫২ সদস্য পদত্যাগ করার মাধ্যমে ক্ষোভ প্রকাশ্য রূপ নেয়। তবে নেতৃত্বে কৌশলে তারা আবার দলে ফেরায় ক্ষোভের সামরিক প্রশাসন হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন নেতা জানান, বর্তমান বিএনপিতে দলের ত্যাগী নেতারা অনেকটা উপেক্ষিত। নবীনদের বেশি মূল্যায়ন করা হয়। দলে কোন কারণে ভুল বোঝাবুঝি হলে তা নিরসন না করে জিইয়ে রাখা হয়। জানা যায়, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় গত ২০১০খ্রিঃ। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নাগেশ্বরীতে গোলাম রসুল রাজা সভাপতি ও এন্তাজ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বিদ্রোহী গ্রুপ এ্যাডভোকেট মোখলেছুর রহমান ও নুরন্নবী দুলালকে সভাপতি, সম্পাদক করে একটি পাল্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করে। ভূরুঙ্গামারীতে অধ্যাপক কাজী গোলাম মোস্তফা সভাপতি ও ফরিদুল হক শাহীন শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও কমিটিকে চ্যালেঞ্জ করে আব্দুল জলিল ব্যাপারী সভাপতি ও কাজী নিজামকে সাধারণ সম্পাদক করে একটি পাল্টা কমিটি গঠন করলে পরে জেলা কমিটির মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা ও ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার বলেন, মাঠ পর্যায়ে যোগাযোগ নেই এমন ব্যক্তির নেতা হওয়ার কোন সুযোগ বিএনপিতে নেই। গত বিএনপি সরকারের আমলে যে সকল দলীয় নেতা সাধারণ নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণ করেছেন তারা আজ আর নেতৃত্বে নেই। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা নিজে উপস্থিত থেকে দল ও সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায় পর্যন্ত নিয়মিত কমিটি গঠন করে দল গুছিয়ে নিয়েছেন। এ কারণে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি রয়েছে ভালো অবস্থায়।