ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ শিক্ষকসহ নানা সমস্যায় জর্জারিত। বর্তমানে শিক্ষক সংকটে কলেজটির লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। প্রশাসনিক দপ্তরে প্রয়োজনীয় লোকবল না থাকায় জোড়াতালি দিয়ে চলছে দাপ্তরিক কর্মকাণ্ড। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮৪ সালে সরকারি করা হয়। বর্তমানে শিক্ষক ও লোকবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লেখাপড়া।
জানা গেছে, বর্তমানে কলেজটিতে প্রায় ১৫শ’ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। শিক্ষকের ৫২টি পদে মাত্র ২৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বাংলা বিভাগের ৪টি শিক্ষক পদ শূন্য, ইংরেজী বিভাগের ৪টি পদের মধ্যে মাত্র ১ জন শিক্ষক কর্মরত রয়েছে, ব্যবস্থাপনা বিভাগের ৩টি পদই শূন্য, হিসাব বিজ্ঞান, সমাজকল্যাণ ও দর্শনে ৪টি করে পদে কোন শিক্ষক নেই। এছাড়া প্রশাসনিক বিভাগের প্রধান অফিস সহকারী, সহকারী অফিস সহকারী, লাইব্রেরীয়ান পদ ২ বছর যাবত্ শূন্য। বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার মাঝে গত ২০১২ শিক্ষা বছরে উচ্চ মাধ্যমিকে পাসের হার শতকরা ৮২ ভাগ ও ডিগ্রিতে ৯৫ ভাগ। কলেজ অধ্যক্ষ শেখ আব্দুল মালেক জানান, শিক্ষক ও প্রশাসনিক বিভাগের শতভাগ শিক্ষক ও লোকবল নিয়োগ দেয়া হলে পাসের হার শত ভাগ অর্জন করা যাবে বলে আশা রাখি।
