ঠাকুরগাঁওয়ে জুয়ার আসরে পুলিশি হানা, গুলিবিদ্ধ ১

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১১
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জুয়ার আসরে পুলিশ গুলি চালিয়ে ইলিয়াস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আহত করেছে। গুলিবিদ্ধ ইলিয়াস আলী এখন হাসপাতালে। এলাকাবাসী জানান, শনিবার রাতে সদর উপজেলার ঘনিমহেষপুর গ্রামের প্রধানপাড়ায় ইলিয়াসের বাড়িতে স্থানীয় কিছু যুবক জুয়া খেলছিল। এ খবর পেয়ে রাত ১১টায় স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই শামীমসহ সঙ্গীয় ৪/৫ পুলিশ জুয়ার আসরে হানা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এএসআই শামীম ইলিয়াসের দুই পায়ে গুলি করে। তাত্ক্ষণিকভাবে গুলিবিদ্ধ ইলিয়াসকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। এ ঘটনার পর এলাকাবাসী দায়ী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। রাতেই ঠাকুরগাঁও থানার ওসি জাহিদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।