ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক গৃহবধূ (২৫) অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করে অপহরণকারী এক যুবককে পুলিশে ধরিয়ে দিয়েছে। গৃহবধূর বাড়ি উপজেলার দাতারাটিয়া গ্রামে। গত শনিবার এ ঘটনায় তিনি বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় অপহরণকারী সানাউল্লাহ ওরফে সানিকে (২০) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও অপহূতার সূত্রে জানা যায়,ওই গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। প্রতিবেশী সানাউল্লাহ তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে সে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সাড়া না পেয়ে গত ১২ ডিসেম্বর বিকেলে দাতারাটিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে সানাউল্লাহ ও তার সহযোগীরা।
অপহরণের পর তাকে গাজীপুর জেলার জয়দেবপুর ও টঙ্গীর বিভিন্নস্থানে রাখা হয়। গত ১৯ ডিসেম্বর তিনি কৌশলে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। সেখানে ১৬ দিন অবস্থান করে মূল অপহরণকারী সানাউল্লাহর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। পরে স্থানীয়দের সহায়তা নিয়ে সানাউল্লাহকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। গৃহবধূর বাড়ির লোকজন টঙ্গীতে গিয়ে আটক অপহরণকারীকে গত শুক্রবার রাতে নান্দাইল থানায় নিয়ে আসেন।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন বলেন,গৃহবধূর দেয়া অভিযোগ মোতাবেক সানাউল্লাহ,তার বন্ধু শামছুজ্জামান উজ্জল ও তাজুল ইসলামকে আসামি করে শনিবার সকালে একটি মামলা নেয়া হয়েছে। মামলা নং ৫।
