সোনাতলা-আড়িয়ারঘাট সড়ক

বেইলি ব্রিজের বেহাল দশা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১৩
বগুড়ার সোনাতলা-আড়িয়ারঘাট সড়কে খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতনের নাটবল্টু ঢিল হয়ে গেছে। সওজ বিভাগের আওতাধীন ব্যস্ততম এ সড়কে ১২০ ফুট বেইলি ব্রিজটির পাটাতনের নাটবল্টুগুলো দীর্ঘদিন থেকে ঢিল হয়ে গেছে। এমতাবস্থায়, ব্রিজের ওপর দিয়ে বাস, ট্রাক ইত্যাদি যানবাহন চলাচল করলে বিকট শব্দ সৃষ্টি হয়। শব্দ দূষণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। কয়েক মাস পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পাটাতনের জোড়া স্থানগুলোতে লোহার পাতি দিয়ে ঝালাইয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অধিকাংশ জোড়াস্থান খুলে যাওয়ায় আবার আগের মতোই পরিস্থিতি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের বগুড়া অফিসের জনৈক দায়িত্বশীল ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজটির সৃষ্ট সমস্যা সমাধানের জন্য এখন পর্যন্ত কোন আদেশ (অর্ডার) হয়নি। এদিকে স্থানীয়দের অনেকে মনে করেন উক্ত স্থানে বেইলি ব্রিজের পরিবর্তে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হলে আর এ সমস্যা হবে না।