মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনায় কর্মরত দুই নার্সকে পিটিয়েছে রোগীর স্বজনরা। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে হাসপাতালের চিকিত্সক ও নার্সরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সকাল সাড়ে নয়টার দিকে শহরের ফৌজদারিপাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী একযোগে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি শুরু করেন। দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার।
