যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের উপশহর অরোরাতে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন। শনিবার অরোরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী ও নিহতরা পরস্পর আত্মীয় বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ উপশহরটিতেই গত ১২ জুলাই একটি চলচ্চিত্রের উদ্বোধনী শো চলাকালে প্রেক্ষাগৃহে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিল। ওই হামলাকারী কলেজ ছাত্র জেমস হোমস বর্তমানে বিচারাধীন রয়েছেন।
পুলিশের মুখপাত্র ক্যাসিডি কার্লসন জানান, শনিবার অরোরার বাড়িটিতে সহিংসতা শুরু হলে সেখান থেকে এক নারী পালিয়ে যেতে সক্ষম হন। সেই নারীই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণ করতে অনুরোধ করে। অন্তত পাঁচ ঘণ্টা পরে সকাল ৮টার দিকে ওই বাড়ির ভিতরে কাঁদুনে গ্যাস ছোঁড়া হয়। এতে হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। বাড়িতে ঢুকে হামলাকারীসহ আরো দুই পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
