যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্য তৈরি পোশাকের ক্ষেত্রে জিএসপি সুবিধা থাকা জরুরি। তিনি গত শুক্রবার মার্কিন কংগ্রেসের হাউজ কমিটি অন ওয়েজ এন্ড মিন্স-এর র্যাংকিং সদস্য সেনডার মার্টিন লেভিনের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে এক আলোচনায় একথা বলেন। জবাবে লেভিন জানান, বাংলাদেশের বিষয়টি যুক্তিসংগতভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
আলোচনাকালে রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসের সদস্যগণের মধ্যে বিতরণের উদ্দেশ্যে ‘বাংলাদেশ ইন ইউএস-জিএসপি’ শীর্ষক একটি প্রতিবেদন কংগ্রেসম্যান লেভিনের কাছে হস্তান্তর করেন। সমপ্রতি আশুলিয়ায় তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরিতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে সরকার এবং তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে গৃহীত ক্ষতিপূরণ উদ্যোগের কথা জানান তিনি। কংগ্রেসম্যান লেভিন আশা প্রকাশ করে বলেন, ইউএসটিআর বাংলাদেশের বিষয়টি যুক্তিসংগতভাবে বিবেচনা করবে। এছাড়া, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে। তিনি জানান, এ সকল নেতিবাচক ঘটনা আন্তর্জাতিক ক্রেতা সমপ্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিতে বিশেষ ভূমিকা রাখছে।
