ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি বলেছেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আব্দুল বাসেত মজুমদার কিছু লোক নিয়ে আইনজীবী সমন্বয় পরিষদ ভাঙ্গার ষড়যন্ত্র করছেন। বেআইনিভাবে সমন্বয় পরিষদের আরেকটি আহবায়ক কমিটি গঠন করেছেন। এই বেআইনি কাজ তাকে করতে দেয়া যায় না। তিনি বলেন, সমন্বয় পরিষদের সমস্যা সমাধানের জন্য আইনমন্ত্রীর উদ্যোগ নেয়ার কথা থাকলেও তিনি এখনো কোন উদ্যোগ নেননি। সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের সম্মেলন প্রস্তুতি সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। গত শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় পরিষদের আহবায়ক ব্যারিষ্টার এম আমীর-উল-ইসলাম, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, এডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট কেএম সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পিপি এডভোকেট আব্দুল্লাহ আবু ও বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবী নেতারা বক্তব্য দেন।
ব্যারিষ্টার এম আমীর উল ইসলাম বলেন, এখন আর কোন অঙ্গ সংগঠনের নেতৃত্বে সমন্বয় পরিষদ গঠিত হবে না। যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আইনজীবীরা সমন্বয় পরিষদের সদস্য হবেন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। আগামী সম্মেলনে সংগঠনে নতুন নেতৃত্ব উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, যারা সমন্বয় পরিষদ ভাঙ্গার ষড়যন্ত্রে জড়িত তাদের কোনো অঙ্গীকার নেই। তারা কোনদিনও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ করেননি। আজকে তাদের কর্মকাণ্ড শুধু বিএনপি-জামায়াতকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ আওয়ামী লীগের কলিজায় আঘাত করবেন তা হতে দেয়া যায় না।
সভায় আগামী এপ্রিল মাসের যে কোন সময় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দেয়া হয়। এ জন্য ৫০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
