রবিবার পর্যন্ত মেঘনা সেতুর ৪টি এবং মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর ২টি এক্সপানশন জয়েন্ট মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। মেঘনা সেতুতে ১৩টি এবং দাউদকান্দি সেতুতে ৯টি এক্সপানশন জয়েন্ট মেরামত করা হবে। এদিকে সেতু দুটি বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। একান্ত অপরিহার্য না হলে কোন লোকই এখন ঢাকা যাচ্ছে না। যাত্রীরা হেঁটে কয়েক কিঃমিঃ পথ পাড়ি দিচ্ছে। মালামাল পরিবহনের সমস্যা দেখা দেয়ায় বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। রোগী নিয়ে পড়তে হয় বেশি সমস্যায়। দাউদকান্দি, হোমনা, মুরাদনগর, মতলব, রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, বাতাকান্দি, গোয়ালমারী, ইলিয়টগঞ্জ, কোম্পানীগঞ্জ, জাহাপুর, আসমানিয়া, লালপুর, শ্রীরায়েরচর, মাছিমপুর, বাঞ্ছারামপুর প্রভৃতি বাজারগুলোর ব্যবসায়ীরা ইঞ্জিনচালিত নৌকাযোগে মালামাল পরিবহন শুরু করেছে।
মেঘনাঘাট এলাকায় স্থানীয় কিছু যুবক ট্রলারে পার হওয়া যাত্রীদের নিকট থেকে ইজারার টাকার কথা বলে জনপ্রতি ১০ টাকা করে জোরপূর্বক আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
