তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে প্রতিবন্ধীদের জন্যও সুযোগ তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার। তবে তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। প্রতিবন্ধীদের জন্য এই প্রশিক্ষণ প্রদানের জন্য সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি)’র হেড অফিসে ক্রিয়েটিভ আইটি লিমিটেড, সাইটসেভার্স ও সিএসআইডি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় প্রাথমিকভাবে প্রতিবন্ধীদের গ্রাফিক্স এবং ওয়েব ডেভেলপমেন্টসহ আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্ট রিফাত সাহপার খান, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং ক্রিয়েটিভ আইটি’র চেয়ারম্যান আতাউর রহমান কাবুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র উপ-পরিচালক সরকার আবুল কালাম আজাদ, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মে. মনির হোসেন, মাই আউটসোর্সিংয়ের সিইও তানজিরুল বাসারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ। উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে জানানো হয়, সিএসআইডি’র সহায়তায় ইতোমধ্যেই ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট থেকে প্রতিবন্ধীদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণের বেশ কয়েকটি ব্যাচ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ নেওয়া অনেকেই আউটসোর্সিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করছে।
