চলতি ২০১২-১৩ অর্থ বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। উল্লেখিত সময়ে ১৩ হাজার ১৫ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১২ হাজার ৯৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে ২৫ কোটি টাকা। তবে গত ২০১১-১২ অর্থ বছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ২৯ শতাংশ। গত অর্থ বছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছিল ১০ হাজার ৫৯ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, একক মাস হিসেবে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেও রাজস্বের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। আলোচ্য সময়ে ৩ হাজার ৪৪ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২ হাজার ৯৯২ কোটি টাকা।
আয়কর আদায়ে বর্তমানে এনবিআরের ৩১টি কর অঞ্চল দেশব্যাপী কাজ করছে। এর মধ্যে চারটি কর অঞ্চল বাদে অন্য সব কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছে। কর অঞ্চল-৭ লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ কোটি টাকা, কর অঞ্চল-১০ লক্ষ্যমাত্রা থেকে ৩০ কোটি, কর অঞ্চল-১৫ ১৭ কোটি এবং কর অঞ্চল-১৩ ১৪৫ কোটি টাকা পিছিয়ে রয়েছে। এর ফলে গত ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তবে আয়কর অণুবিভাগের কর্মকর্তারা মনে করছেন, চলতি অর্থ বছরের শেষ নাগাদ আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। চলতি অর্থ বছরে ৩৫ হাজার ৩০০ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
