নতুন বিতর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। এর জন্য বিগব্যাশে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয়েছে মেলবোর্ন স্টারসের অধিনায়ক শেন ওয়ার্নের। গত রবিবারে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ম্যাচে রেনেগেডস তারকা মারলন স্যামুয়েলসের সঙ্গে কুিসত ঝগড়ায় জড়িয়ে পড়ার মাসুল গুনতে হলো তাকে। এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়ার্নকে সাড়ে চার হাজার ডলার জরিমানাও করা হয়েছে। এই শাস্তির পরে এই মৌসুমে আর মাঠে নামা নাও হতে পারে ওয়ার্নির। কারণ তার দল সেমিফাইনালে পৌঁছাতে পারলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ বিধিমালার চারটি ধারা ভঙ্গের অভিযোগ করা হয় এই লেগ স্পিনারের বিরুদ্ধে। যার মধ্যে তিনটি প্রমাণিত হয়। স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুইটি ধারা ভঙ্গের। তবে তার বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন আছে।
