একটা সময়ে জিন্স মানেই ছিল অনেক মোটা কাপড় আর শীতের সময়ে আরামদায়ক এমন পোশাক। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে জিন্স। যেহেতু তরুণ-তরুণীরা দিনের অনেকটা সময় বাইরে থাকে, তাই তাদের আরামের কথা ভেবেই এখন জিন্সের প্যান্ট তৈরি করা হয়। এখন জিন্সের প্যান্ট অনেক পাতলা ও নরম কাপড়ের হওয়ায় এর জনপ্রিয়তা বেড়েছে অনেক। রং ও সুতার ব্যবহারে এখন মাথায় রাখা হয় ঋতু। তাই শীত-গ্রীষ্ম সব সময়ই জিন্স আরামদায়ক। যেমন চলছে এ সময়ের ট্রেন্ড মূলত হালকা কাপড়ের জিন্স। ন্যারো কাটের প্যান্টগুলো বেশি চলছে। কেউ কেউ আবার স্কিন ফিটিং নিচ্ছে। যাদের বয়স ত্রিশের ওপরে, এমন লোকেরা স্লিম ফিট পছন্দ করছেন বেশি।
দেখা যায়, প্যান্টের দুই পাশে মোটা সেলাই অনেকে পছন্দ করেন। কেউ কেউ আবার বিশেষ নজর রাখেন পকেটের স্টাইলের দিকে। জিপারের চেয়ে বেশি চলছে স্টিলের অথবা প্লাস্টিকের বোতাম দেওয়া প্যান্টগুলো। অনেকে প্যান্ট কিনে দোকান থেকে ইচ্ছামতো কাটিয়েও নিচ্ছে। রঙের মধ্যে এখন চলছে কালো, নীল ও খাকি। কাপড় ও রং জিন্স তৈরিতে শতভাগ সুতি কাপড় ব্যবহার করা হয়। জিন্সের প্যান্ট তৈরিতে যেহেতু রাসায়নিক দ্রব্য ব্যবহূত হয়, তাই এদিকে ক্রেতাদের নজর রাখতে বলেন বিক্রেতারা। জিন্সের কাপড়ে কেমিক্যাল ওয়াশ করা হয়, তাই ভালো কেমিক্যাল ব্যবহার করা না হলে ক্রেতাদের অ্যালার্জিসহ নানা সমস্যা হতে পারে। কাপড় নরম করতে নাইলন বা পলিয়েস্টার সুতা ব্যবহার করা হয়। সুতার রঙে বেশি ব্যবহূত হয় হলুদ, সোনালি, কালো আর নীল। সম্প্রতি দেখা গেছে, স্মার্ট তরুণদের পছন্দের তালিকায় উঠে এসেছে ডেনিম জিন্স। তরুণদের কাছে অধিক জনপ্রিয়তা পাওয়ার আরও একটি কারণ হলো, আরামদায়ক দিকটি। দেখা যায়, আমাদের অনেকেরই কাজের প্রয়োজনে বাইরে থাকতে হয়, আর তাই আকর্ষণীয় রং এবং আরামদায়ক ব্যাপারটি জড়িত থাকায় সবার পছন্দের ডেনিম জিন্স। টপসের সঙ্গে তরুণীদের প্রথম পছন্দ জিন্স। একটু মেটে রঙের জিন্সই এখন ফ্যাশন ট্রেন্ড। মেয়েদের জিন্স প্যান্টের বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে ন্যারো, সেমিন্যারো, স্ট্রেটকাট, বুটকাট, চুড়িদার ও বেগি জিন্স। এখন ন্যারো ও চুড়িদার জিন্স বেশি জনপ্রিয়।
এবারে জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য :
রং :সাদা, কালো, নীল, লাল, গোলাপি, চকোলেট, মেরুন, ধূসর, আকাশিসহ নানা রঙের জিন্স প্যান্ট পাওয়া যায়।
বিদেশি ব্র্যান্ড :জিন্স প্রধানত দুই ধরনের কাপড় দিয়ে তৈরি হয়, ডেনিম ও ডেনিম স্টিচ। বিদেশি ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় হলো লেভিস, আরমানি, ডিজেল ও ডিঅ্যান্ডজি। এসব জিনস চীন ও থাইল্যান্ড থেকেই বেশি আমদানি হয়। তবে থাইল্যান্ডের জিন্স উন্নতমানের।
যেখান থেকে কিনবেন :দেশের প্রায় সব শহরেই কিনতে পারেন জিন্সের প্যান্ট। এ ছাড়া ঢাকার মধ্যে যেতে পারেন প্লাস পয়েন্ট, অ্যালফোসি, ক্যাটস আই, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, ফ্যাশন প্যারাডাইস, বিগ বস, লা রিভ, জিনস গ্যালারি ইত্যাদি দোকানে। এ ছাড়া নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজার, গুলিস্তান, বসুন্ধরা সিটি, মিরপুর, গ্লোব শপিং সেন্টার, পিংক সিটি ও প্লাজা এ আর থেকে কিনে নিতে পারেন আপনার পছন্দের জিন্সটি।
দরদাম :বিদেশি ব্র্যান্ডের জিনসের দাম ৩০০০ থেকে ৭০০০ টাকা। আবার দেশি ব্র্যান্ডের জিন্স পাওয়া যায় ১২০০ থেকে ৪০০০ টাকায়। এর চেয়ে কম দামে ভালো জিন্স কিনতে হলে যেতে পারেন ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দজা মার্কেট ও নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায়। এ ছাড়া বঙ্গবাজার তো আছেই। এখানে জিন্স পাবেন ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যেই।
