শহরের খড়মপট্টি এলাকার বাসিন্দা মো. আবুল মনসুরের পুত্র ও মাদ্রাসা ছাত্র মাহমুদুল ইসলাম হত্যাকালে জড়িতদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী শহরের স্টেশন রোডে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই, ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম মিলাদ, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক মাহমুদ পারভেজ, অধ্যাপক নজরুল ইসলাম, মাসুদুজ্জামান, নিহতের পিতা মো. আবুল মনসুর প্রমুখ। পরে একটি মৌন মিছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গমন করে উভয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, মাহমুদুল ইসলাম রাকিব গত ২৪ ডিসেম্বর রাতে শহরের উকিলপাড়ার কয়েকজন সন্ত্রাসীর হাতে নৃশংসভাবে খুন হন। এ ব্যাপারে ছয়জনের নামোল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হলে কোন আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
