আশুগঞ্জ সার কারখানায় ফের উত্পাদন শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
দীর্ঘ ৯দিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় রবিবার সকাল থেকে পুনরায় ইউরিয়া সার উত্পাদন শুরু হয়েছে। চলতি অর্থ বছরের গত ৬ মাসে কারখানায় ১৪ বার উত্পাদন বন্ধ হয়েছে। এভাবে বার বার উত্পাদন বন্ধ হলে চলতি বোরো মৌসুমে কারখানার অধীনস্থ জেলাগুলোতে সার সংকটের আশংকা করছেন ডিলারগণ। এদিকে কারখানা ৯ দিন বন্ধ থাকায় প্রতিদিন ১৫শ’ টন উত্পাদন ক্ষমতা হিসাবে প্রায় ২৭ কোটি টাকা মূল্যের সাড়ে ১৩ হাজার টন সার উত্পাদন ব্যাহত হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক উত্পাদন মোঃ জিন্নাত আলী জানান, এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসর লিকেজের কারণে উত্পাদন বন্ধ হয়েছিল। ত্রুটি মেরামত করে রবিবার পুনরায় উত্পাদন চালু করা হয়েছে। গুদামে আমদানি করা সারসহ বর্তমানে প্রায় ৭১ হাজার টন সার মজুদ আছে। সুতরাং কারখানা চালু থাকলে ডিলারদের মাঝে সার সরবরাহ দিতে কোন সমস্যা হবে না।