রায়গঞ্জে বিদ্যুতের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির (সিপবিস) রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী সাবস্টেশনের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি করায় এলাকার বিদ্যুত্ গ্রাহক ও সেচনির্ভর কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত শনিবার সিপবিস’র ভূঁইয়াগাঁতী সাবস্টেশন ১০ এমভিএ থেকে ২০ এমভিএ ক্ষমতায় উন্নীত করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান। তিনি বলেন, আগামী একবছরের মধ্যে রায়গঞ্জ-তাড়াশ এলাকায় ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন বলেন, এই এলাকার ইরিগেশন ও শিল্পায়নে আর বিদ্যুত্ সংকট থাকবে না। সিপবিস সভাপতি সাহাবার তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালক আরিফ হোসেন, কৃষিবিদ আমিনুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন- রাজশাহী জোনের নির্বাহী প্রকৌশলী আজম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, আরইবি চেয়ারম্যানের একান্ত সচিব দহিদুল ইসলাম, জিএম প্রকৌশলী তুষারকান্তি দেবনাথ, ডিজিএম প্রকৌশলী জুলফিকারসহ সিপবিসের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।