রাজৈর উপজেলার চৌয়ারী বাড়িতে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ হারুন উর রশিদ জানান, ডাকাত নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে এবং নামীয় ৮ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে ৮/৯ জনের ডাকাতদল রাজৈর কোটালীপাড়া সড়কের চৌয়ারী বাড়ি স্থানে বেরিকেড দিয়ে রাজৈরগামী একটি পিকআপ ভ্যানে ডাকাতি করে। এলাকাবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে প্রথমে ডাকাত এমদাদুলকে ধরে বেদম মারপিট দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে দুর্ধর্ষ ডাকাতদল নেতা আবুল হোসেনকে ধরে জনতা বেদম মারপিট করে। খবর পেয়ে ডাকাত আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত আবুল হোসেন মাদারীপুর সদর থানার কাজীর টেক এলাকার মান্নান মাতুব্বরের ছেলে ও গ্রেফতারকৃত এমদাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।
