সাগরে আট মাঝি মাল্লা হত্যা রোহিঙ্গা ডাকাত আটক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
গভীর সাগরে ৮ মাঝি মাল্লাকে হত্যা করে লুণ্ঠিত ট্রলার নিয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ার সময় উখিয়ার ইনানী উপকূল থেকে গত রবিবার রাতে পুলিশ এক রোহিঙ্গা ডাকাতসহ ট্রলারটি জব্দ করেছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাঈদ মোহাম্মদ আনোয়ার জানান, জেলার সোনারচর দ্বীপের গভীর সাগরে সশস্ত্র জলদস্যুরা হামলা চালিয়ে ৮ মাঝি মাল্লাকে হত্যা করে একটি মাছ ধরার ট্রলার লুট করে মিয়ানমারে পালিয়ে যাচ্ছিল। এসময় যান্ত্রিক গোলযোগের কারণে ট্রলারটি ইনানীর পাঠোয়ার টেকে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় একজন রোহিঙ্গা ডাকাতসহ ট্রলারটি আটক করা হয়। মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা রোহিঙ্গা ডাকাত হামিদ পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে বলেছে, ওই ট্রলারে প্রায় ১৫/১৬ জন মাঝি মাল্লা ছিল। তাদের মধ্যে মহেশখালী ঘোরুকঘাটা এলাকার জসিম, বড়ঘোনা পাথরঘাটা এলাকার রফিক, বেলাল, ছৈয়দ আলম, সোহাগ, জাফর, আব্বাস ও বাবুল মিস্ত্রীসহ ৮ জন মাঝি মাল্লাকে হত্যা করে সাগরে ফেলা দেয়া হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, উক্ত ট্রলার লুটের ঘটনায় পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে।