অবশেষে বই পেল সেনবাগের সেই শিক্ষার্থীরা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
অবশেষে নোয়াখালীর সেনবাগের সেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গত রবিবার ও গতকাল সোমবার বই বিতরণ করা হয়েছে। পৌর শহরের বিন্নাগুনি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি এ জটিলতার কারণে গত ১ জানুয়ারি বিদ্যালয়টির ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়নি। নতুন বছরের শুরুর দিন বিদ্যালয়টির শিক্ষার্থীরা বই না পেয়ে চরমভাবে হতাশ হয়। এনিয়ে, গত ৪ জানুয়ারি শুক্রবার দৈনিক ইত্তেফাকের ৫নং পৃষ্ঠার ৫নং কলামে ‘‘ বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি ? সেনবাগের একটি স্কুলের শিক্ষার্থীরা বই পায়নি ’’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে বিষয়টির সত্যতা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার পরই উপজেলা শিক্ষা অফিসার একেএম নরুল আফসারের সার্বিক তত্ত্বাবধানে আগে প্রতিষ্ঠিত স্কুলের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকের পর স্কুলটিকে সরকারি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এরপরই বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেয়া হয়। বিষয়টি গতকাল সোমবার ইত্তেফাককে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার একেএম নরুল আফসার।