পরিত্যক্ত কাগজ ও প্লাস্টিক লোহা কুড়িয়ে ভাঙ্গাড়ির দোকানে বিক্রির সময় একটি বোমার বিস্ফোরণে এক হাত উড়ে গেছে বাকিরুল (৩০) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে রোববার রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায়। বোমার আঘাতে ক্ষত-বিক্ষত যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৭টি তাজা বোমা উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে।
জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দেঘলকান্দি গুচ্ছ গ্রামের আরোজ আলী ওরফে আরজুর ছেলে বাকিরুল পরিত্যক্ত কাগজ ও প্লাস্টিক লোহা কুড়িয়ে তা বিক্রি করে দিনাতিপাত করে। ঘটনার দিন সন্ধ্যার দিকে সে কুড়ানো প্লাস্টিক ও লোহা ভাঙড়ির দোকানে বিক্রি করবে বলে শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের দোকানে যায়। কুড়ানো পরিত্যক্ত কাগজ ও প্লাস্টিক লোহা আলাদা করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে।
এ সময় রক্তাক্ত জখম বাকিরুলকে উদ্ধার করে পুলিশ প্রহরায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে পুলিশ ভাঙড়ি ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে থানায় নেয়। হাসপাতালে চিকিত্সাধীন বাকিরুল সাংবাদিকদের জানায়, সে লোহারদলা মনে করে মেহেরপুর সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ৮টি বোমা কুড়িয়ে বস্তায় নিয়েছিল। সে নিজেই জানতো না ঐগুলো বোমা কি না।
