নাটোরে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ গতকাল সোমবার একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সদর উপজেলার হয়বতপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থীকে পার্শ্ববর্তী চৌরী গ্রামের হেকিম ভুঁইয়ার পুত্র আবু বকর প্রায়শই প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়ে ও তার অভিভাবক এই বিয়েতে রাজি না হওয়ায় গতকাল আবু বকর ও কয়েকজন মেয়েটিকে তুলে আনার জন্য মাইক্রোবাস নিয়ে স্কুলে যায়। এই সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বাধা দেয় ও পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চৌরী গ্রামের নজরুল ইসলাম নামের একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। শিক্ষার্থীরা মূল অপরাধীকে গ্রেফতারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পুলিশ অবিলম্বে তাকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
