বগুড়ার মহাস্থানে ছাত্রলীগ আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে মহাস্থান বাজারে এ ঘটনায় এক শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহত শিশু রাব্বীকে (৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ মহাস্থান আঞ্চলিক (বন্দর) কমিটির উদ্যোগে স্থানীয় বাজারে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকালে আয়োজিত অনুষ্ঠান রাত ৯টায় শেষ হলে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন শুরু করেন। এর কিছু পরই রাত ৯টায় অনুষ্ঠানস্থলের বাইরে থেকে সেখানে বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমা বিস্ফোরণের কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বোমার স্প্লিন্টারের আঘাতে এক শিশুসহ অন্ততঃ ১০জন আহত হন। তাত্ক্ষণিকভাবে আহতদের মধ্যে শিশু রাব্বীসহ তাজুল ইসলাম, লিটন মিয়া, জাহিদুল ইসলাম, হাসিব, মুক্তার, আলম, রাজু, রনির নাম নিশ্চিত করা সম্ভব হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমা হামলায় জড়িত সন্দেহে রনজু মিয়া (১৮) নামে এক কাঠ মিস্ত্রি ও ফাইন ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক লুত্ফর রহমান জানান, সেখানে বোমা নয় শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
