শ্বশুর বাড়ির লোকজন শাহিন ভুঁইয়া (২৫) নামে এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী লিমা বেগম, মামা শ্বশুর হান্নান কাজী ও তার স্ত্রী রেশমা বেগমকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত ১১টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার ছোট বনগ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার পুলিশ শাহিনের মামা শ্বশুর হান্নান কাজীর ঘরের বারান্দা থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। শাহিন ভুঁইয়া মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামের সরোয়ার ভুঁইয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, তিন মাস আগে শাহিন একই উপজেলার পাইকদিয়া গ্রামের মৃত মান্নান মোল্লার মেয়ে লিমাকে বিয়ে করে। চার দিন আগে শাহিনের সঙ্গে ঝগড়া করে লিমা পার্শ্ববর্তী ছোট বনগ্রামে মামা হান্নানের বাড়িতে যায়। শনিবার শাহিন স্ত্রীকে ফিরিয়ে আনতে হান্নানের বাড়িতে যায়। রাতে হান্নানের বাড়ির বারান্দায় শাহিনের লাশ দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
নিহতের বাবা সরোয়ার ভুঁইয়া অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরে আমার ছেলেকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। মুকসুদপুর থানার ওসি ফেরদাউছ হোসেন বলেন, শাহিনের বাবা ছেলেকে হত্যার অভিযোগ করেছেন।
