ভারতের স্বাধীনতার আগেই মহাত্মা গান্ধী জনগণকে গ্রামে ফিরে যেতে বলেছিলেন। গ্রামের হতশ্রী অবস্থা অনুধাবন করে তিনি এ আহবান জানিয়েছিলেন। আজ শুধু গ্রামের উন্নয়নের কথা চিন্তা করেই গ্রামে যেতে হবে তা নয়—এখন শহরের অধিবাসীদের চরম দুরবস্থার কথা ভেবেই শহর ছেড়ে গ্রামে যেতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশালসহ দেশের প্রায় সব শহর লোকে লোকারণ্য। শহরগুলোতে না আছে সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থা না আছে সবার বসবাসের উপযোগী বাসস্থান। জনসংখ্যার চাপে শহরের সেবামূলক পরিকাঠামোগুলো ধ্বংসের মুখে। এত জনসংখ্যার চাপের মধ্যেও গ্রাম থেকে লোকজন শহরে আসছেই। গ্রামের অর্থনৈতিক, সামাজিক অবস্থা ভালো নয়। খেটে খাওয়া মানুষের সারা বছর চলার মতো কাজ নেই। সন্ত্রাস ও চোর-ডাকাতের অত্যাচারে একটু অবস্থাপন্ন লোকেরা শহরে এসে বাসা বেঁধেছে। এরপর রয়েছে নদী ভাঙন। এতে প্রতিবছর হাজার হাজার লোক বসতবাড়ি ও জমি-জিরাত হারিয়ে কিছু উপার্জন করে বাঁচার আশায় শহরে এসে ভিড় জমাচ্ছে। যত শিগগির সম্ভব শহরে আসার প্রবণতা ঠেকাতে হবে। আর তা না হলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে শহরবাসীকে দিন যাপন করতে হবে। তাই শহরগুলোকে বাঁচাবার জন্য এবং অন্যদিকে গ্রামগুলোর জনগণ যাতে গ্রামেই থাকতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে বলা যায়—
১) গ্রামে খেটে খাওয়া মানুষের কাজের ব্যবস্থা করতে হবে।
২) গ্রামে অধিক হারে কুটিরশিল্প প্রতিষ্ঠা করতে এবং এতে মেয়েদের আরও বেশি করে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।
৩) হাঁস-মুরগির ফার্ম ও কুটিরশিল্প স্থাপনের জন্য সরকারের তরফ থেকে ঋণ দিতে হবে। পাঁচ হাজার টাকা এবং এর কম অঙ্কের অর্থ সুদহীন ঋণ দিতে হবে। তবে এ ঋণ এক পরিবার শুধু একবারই পাবে।
৪) নদীভাঙা লোকদের সুদবিহীন ঋণ দিতে হবে। নদী ভাঙনের সঙ্গে সঙ্গে এদের বাসস্থানের জন্য জায়গা-জমি এবং ঘর তৈরি সামগ্রী দিতে হবে। কিছুদিন ফ্রি খাবারের ব্যবস্থা করতে হবে।
৫) গ্রামের আইন-শৃংখলার উন্নতি ঘটাতে হবে।
৬) ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।
৭) কিছু ভারী কল-কারখানা (গার্মেন্টসসহ) গ্রামে স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
৮) প্রশাসনকে যতটা সম্ভব বিকেন্দ্রীকরণ করতে হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে।
আশা করি সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন এবং রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করবে। এটাই গণতন্ত্রের কথা।
জাহাঙ্গীর চাকলাদার, লালবাগ, ঢাকা ১২১১
