মিরপুরের স্কুলছাত্র সালমান সামী হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন গতকাল সোমবার দুপুরে এই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলো দারুস সালাম এলাকার মো. রাকিব (২০), মো. সৈকত খান (২১) ও মো. জানে আলম (২০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। তবে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণ না হওয়ায় পারভেজ চৌধুরী (১৮) নামের আরেক আসামিকে খালাস দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ২৭ মে রাজধানীর দারুস সালাম এলাকার বাগবাড়ি উত্তরপাড়া এলাকায় ক্রিকেট খেলার সময় পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে সামীকে অপহরণ করে। এরপর ওই এলাকার ঢালী বাড়িতে সামীকে লুকিয়ে রাখে। ওই রাতেই সামীকে শ্বাস রোধ করে হত্যার পর বস্তায় ভরে কাউন্দিয়ায় তুরাগ নদীতে লাশ ফেলে দেয়া হয়। এ ঘটনায় তার বাবা মো. হোসেন বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেন। তিন আসামি রাকিব, সৈকত ও জানে আলম তদন্তের সময় হত্যার দায় স্বীকার করে হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ আদালতের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরফুদ্দিন আহমেদ খান মুকুলসহ কয়েকজন আইনজীবী।
