২৭ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৪
চলতি বছরের উদ্বোধনী এবং ৯ম জাতীয় সংসদের ষোলতম অধিবেশন ২৭ জানুয়ারি বসছে। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানায়, বিকাল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হবে। প্রথা অনুযায়ী প্রথম দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের পর সেদিনের মত অধিবেশন মুলতবি হয়ে যাবে। এরপর সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখবেন। এদিকে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ অধিবেশনে যোগদান করবে কিনা সে বিষয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে সিদ্ধান্ত নেয়া হতে পারে। বিরোধী দলীয় সূত্র জানায়, সংসদীয় দলের বৈঠকে সদস্যদের মতামত নেয়ার পর বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি। বিরোধী দল গত বছরের উদ্বোধনী অর্থাত্ সংসদের ১২তম অধিবেশনের সময় সর্বশেষ যোগদান করে। মূলত সদস্য পদ রক্ষার্থে ঐ অধিবেসনে যোগ দেয় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা। ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগদান করে তিন কার্যদিবস পর্যন্ত উপস্থিত থেকে বিরোধী দলীয় নেতা ২০ মার্চ সংসদে দীর্ঘ বক্তব্য রাখার পর মাগরিবের নামাজের বিরতি হলে, তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। তাকে অনুসরণ করে বিরোধী সংসদ সদস্যরাও অধিবেসন কক্ষ ত্যাগ করেন।