জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার নতুন করে শুরুর আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল সোমবার শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
এ নিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের পাঁচ নেতার বিচার পুনরায় শুরুর আবেদন খারিজ হলো। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম প্রবাসী আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপে কথোপকথনের উপর ভিত্তি করে গত বৃহস্পতিবার আসামিপক্ষ কাদের মোল্লার বিচার পুনরায় শুরুর আবেদন করেছিল। আবেদন খারিজের পর ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী গতকাল কাদের মোল্লার মামলায় যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। উল্লেখ্য, একাত্তরে হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি ঘটনায় গত ২৮ মে কাদের মোল্লার বিরদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ পুনর্বিবেচনার বিষয়ে আসামিপক্ষের আবেদনের পর জরিমানা কমিয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ জরিমানা কাদের মোল্লার আইনজীবীকে প্রদান করতে বলা হয়েছে। বার বার খারিজ করার পরও একই আবেদন করায় গত বৃহস্পতিবার কাদের মোল্লাকে এ জরিমানা করা হয়। অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলীকে গণমাধ্যমে রায়ের বিষয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক করেছে।
বিটিভি ও এটিএন নিউজের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এটিএন নিউজ বাংলাদেশ টেলিভিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। আগামী বৃহস্পতিবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-১। সাঈদীর মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাকে অপরাধী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রচার করার অভিযোগে এ আবেদন করা হয়।
জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ করার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-১।
