রংপুর বিভাগের সৈয়দপুর সাংগঠনিক জেলাসহ ৯ জেলায় রংপুর বিভাগীয় যুবদলের ডাকে গতকাল সোমবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে এ হরতাল আহবান করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ, ভাংচুরসহ একই দাবিতে রংপুর জেলার ৮ উপজেলায় জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকেও অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল শেষে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ জানিয়েছেন, ৭ দিনের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেয়া হবে।
হরতাল চলাকালে গতকাল ভোরে ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরীর পার্কের মোড়, মেডিক্যাল পাকার মাথা, মডার্ন মোড়, সিটি করপোরেশনের সামনে, গুপ্তপাড়া রোড, পায়রা চত্বরে ১৫/২০টি অটোবাইক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও অন্যান্য উপজেলায় আরো প্রায় ২৫/৩০টি অটোবাইকসহ যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হরতাল চলাকালে রংপুর বিভাগের ৮ জেলাসহ নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নগরীর গ্রান্ড হোটেল মোড় ও শাপলা চত্বরে জেলা বিএনপি ও জামায়াত অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গত রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রংপুর মহানগরী থেকে গ্রেফতার করা যুবদল নেতা আক্কাস আলী, মাহমুদুল হাসান রানা ও মনসুরকে পুরনো মামলার আসামি দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুরে ঢিলেঢালা হরতাল
দিনাজপুর প্রতিনিধি জানান, যুবদল ও ছাত্রদলের গতকাল সোমবার ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালা পালিত হয়েছে। হরতালে পিকেটিং করার অভিযোগে পুলিশ যুবদল কর্মী সোহেল (৩০) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। হরতাল চলাকালে গতকাল সকাল থেকে শহরে হালকা যানবাহন চলাচল করেছে। তবে ভারি যানবাহন জেলা শহরের ১১টি রুটে সকাল থেকে দুপুর পর্যন্ত চলাচল বন্ধ ছিল।
