ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রবিবার রাতে ডাকাতের হামলায় এস.এস.সি পরীক্ষার্থী আরমান হোসেনসহ (১৬) তার মা রুবি আক্তার (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল সোমবার কসবা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের পারিবারিক, হাসপাতাল ও স্থানীয়সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আরমান ও তার মায়ের ওপর গুলিবর্ষণ করেন। এতে আরমান ও তার মা রুবি আক্তার গুরুতর আহত হন। ডাকাতরা এ সময় তাদের ঘরে থাকা ৮৬ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
