যুক্তরাষ্ট্র দূতাবাসের ভিসা সহায়ক কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৯
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নতুন একটি ভিসা সহায়ক কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বিদেশ সফরকারীদের পুনরায় কনস্যুলার কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্কারে অংশ নিতে হবে না। এই সহায়ক কর্মসূচির লক্ষ্য হলো- নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা ছাড়াই যোগ্য বিদেশ যাত্রীদের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা। গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এই নতুন উদ্যোগের আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেসব যোগ্য বিদেশ সফরকারী তাদের পূর্ববর্তী ভিসা আবেদনের সময় সাক্ষাত্কারে অংশগ্রহণ করেছিলেন ও পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ব্যাপারে তদন্ত করা হয়েছিলো তারা তাদের ভিসা সাক্ষাত্কার ছাড়াই নবায়ন করাতে পারবেন। যেসব যোগ্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী তাদের পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪৮ মাসের মধ্যে একই শ্রেণীর আওতাভুক্ত ভিসা নবায়ন করতে চান, এই সহায়ক কর্মসূচিটি কনস্যুলার কর্মকর্তাদের সাথে সেই আবেদনকারীদের সাক্ষাত্কার ছাড়াই ভিসা নবায়ন করার ক্ষমতা প্রদান করবে। ঢাকায় পর্যটক (বি২) ও নির্দিষ্ট কিছু ব্যবসায়িক যাত্রী (বি১) ভিসার মেয়াদ সাক্ষাত্কার ছাড়াই বাড়ানো যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ প্রাধিকারপ্রাপ্ত বিষয়। তবে এই সহায়ক কর্মসূচি কোনো আবেদনকারীকে সাক্ষাত্কারে অংশগ্রহণ না করার অধিকার বা নিশ্চয়তা প্রদান করে না। কনস্যুলার কর্মকর্তাগণ যদি মনে করেন, কোনো আবেদনকারীর সাক্ষাত্কার নেয়ার প্রয়োজন আছে, তাহলে তারা এমন যে কোনো আবেদনকারীর সাক্ষাত্কার নিতে পারবেন।