বিমানবন্দরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণসহ তিনজন আটক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩০
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৪০টি সোনার বিস্কুটসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া তিনজনের মধ্যে একজন সিভিল এভিয়েশনের কর্মচারী কবির আহমেদ (৩৫)। অন্য দু’জন হলেন, মোর্শেদ আলম (৩৫) ও হেলাল আহমেদ (৩৬)। সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে করে দুবাই থেকে স্বর্ণসহ ঢাকায় আসেন হেলাল ও মোর্শেদ। তাদের কাছ থেকে সোনার বিস্কুটগুলো রাখা প্যাকেট গ্রহণ করে বহুতল কার পার্কিংয়ে নিয়ে যাচ্ছিলেন কবির। এ সময় হেলাল ও মোর্শেদ তার সঙ্গে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান এপিবিএনের সদস্যরা। এ সময় তারা বহুতল কার পার্কিংয়ের ছাদ থেকে চারটি প্যাকেটে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করেন এবং তিনজনকে গ্রেফতার করে।