আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
জাতীয় বেতন-স্কেল ও মজুরি কমিশনের সাথে সামঞ্জস্য রেখে নৌযান শ্রমিকদের মজুরি নির্ধারণ, নৌ-পথের নিরাপত্তাসহ ১৬ দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন। আজ রাত ১২ টা ১ মিনিট থেকে ঢাকা-বরিশাল রুটসহ দেশের সকল রুটে লাগাতার কর্মসূচী শুরু হবে বলে জানান সংগঠনের নেতা-কর্মীরা। বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার একিন আলী জানান, নৌযান শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে গত বছর ৮ জুলাই নৌ-মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নৌমন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি উপস্থিত ছিলেন। নৌ-পরিবহনে বিরাজমান পরিস্থিতি নিয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত সভায় ২ মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়। কিন্তু ঐ সভার ৬ মাস পরেও নৌযান শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়নে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে নৌযান ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।