ই-কমার্সকে ছড়িয়ে দিতে হবে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৯:২০
ই-কমার্স, অর্থাত্ ইলেকট্রনিক বাণিজ্য নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করলে নতুন যুগের এই বাণিজ্য পদ্ধতি জনপ্রিয় হবে। আর এ কার্যক্রম ছড়িয়ে দিতে প্রয়োজন সবার সচেতনতা। ‘ই-কমার্স সপ্তাহ ২০১৩’ (www.ecommerceweek.org)-এর অংশ হিসেবে ‘ব্যবসা পরিচালনায় ই-কমার্স: সম্ভাবনা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, ‘আমরা খুব সহজেই দেশের পণ্যসহ বিদেশের সব ধরনের পণ্য ঘরে বসে অনলাইনে পেতে পারি। এর জন্য আমদেরকে ই-কমার্সকে আরও জোরদার করে তুলতে হবে।’ গোলটেবিল বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের জন্য ই-কমার্স একটি নতুন ধরণা। ই-কমার্স বাংলাদেশে সুন্দরভাবে চালু হলে এবং জনগণের আস্থা অর্জন করতে পারলে বাংলাদেশে ই-কমার্সে খুব ভালো করতে পারবে।’ বৈঠকটিতেআরও বক্তব্য দেন এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ভিসা ক্রেডিট কার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ম্যানেজার উত্তম নায়েক, এনস্টেইজের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বিপিন তরো। বৈঠকে সঞ্চালনা করেন ই-কমার্স সপ্তাহের আহ্বায়ক শামীম আহসান। এই সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বেসিসের সভাপতি ফাহিম মাশরুর।