পুরস্কার ঘোষণার পর ...

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
‘দেখুন, সত্যি বললে বলতে হয়, এটা একেবারেই অবিশ্বাস্য। টানা চারবার এই পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এই সময়ে বলতে চাই, আমার এই প্রাপ্তি আসলে বার্সেলোনা ও আর্জেন্টিনার টিমওয়ার্কেরই ফল। বার্সেলোনার সবাইকে ধন্যবাদ দিতে চাই। ইনিয়েস্তা, তোমার সঙ্গে অনুশীলন করাটা একটা সৌভাগ্য। আমার ক্লাব ও জাতীয় দলের কোচ, সব কর্মকর্তা, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ দেই। বিশেষ করে আমার স্ত্রী ও সন্তান, তোমাদের অনেক ধন্যবাদ। বার্সেলোনার হয়ে আমি আরও অনেক কিছু জিততে চাই। তবে এবার আমার আসল চ্যালেঞ্জটা আর্জেন্টিনার হয়ে। আপনারা জানেন, গত এক বছর আমরা আর্জেন্টিনার হয়ে ভালো ফুটবল খেলছি। এখন বিশ্বকাপকে সামনে রেখে এই ধৈর্য ও পারফরম্যান্স করে যেতে হবে।’ —লিওনেল মেসি, বর্ষসেরা ফুটবলার ‘লিও! ওফ। ও এই ফর্ম ধরে রাখলে আগামীবারও ফিফা ব্যালন ডি’অর জিতবে। আমি ওর পঞ্চম ট্রফি দেখার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত ও সেটা ফসকাতে দেবে না। আমি লিওকে অভিনন্দন জানাচ্ছি চারবার বিশ্বসেরা হওয়ার এই অনন্য নজির গড়ায়। ও অনেক অনেক জিতছে বলে সৌজন্য করে অন্য কাউকে সেরা বলে দেয়ার কোনো সুযোগ নেই। ও বিশ্বসেরা; ফলে আজ এই পুরস্কার ওরই প্রাপ্য ছিল। আমি ওর বন্ধু-সতীর্থ হিসেবে গর্বিত।’ —আন্দ্রেস ইনিয়েস্তা, বর্ষসেরা দ্বিতীয় রানারআপ ‘আমার মনোভাব খুব পরিষ্কার। আমি অবশ্যই বলবো যে, এই পুরস্কার পৃথিবীর শেষ প্রান্ত নয়। এখনও জীবন চলবে। আমাকে খেলা চালিয়ে যেতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। জীবন থেকে, মাঠ থেকে পাওয়া শিক্ষাটা কাজে লাগাতে হবে। আমি গত বছর যে পারফরম্যান্স করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমার পারফরম্যান্স যেমনই হোক, দল লিগ জিতেছে। আজ পুরস্কার পাইনি; তাতে কিছুই বদল হয়নি। আমি সেই আগের আমিই আছি। মেসির এই প্রাপ্তি ও সাফল্যে আমি মোটেও হতাশাগ্রস্ত নই। সে তার কাজ করছে; দারুণভাবেই করছে। আমি নিজে ওর প্রতি কোনো বিদ্বেষ অনুভব করি না।’ —ক্রিস্টিয়ানো রোনালদো, বর্ষসেরা রানারআপ ‘এ সম্মান আমার একার নয়। এ সম্মান স্পেন দলের। আমি মাঠের বাইরে বসে এমন কিছু করতে পারতাম না; যাতে আমাকে ভালো বলে মনে হয়। খেলোয়াড়রাই এটা মনে করিয়েছে। স্পেনের ফুটবল ও স্পেনের জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করায় এই সম্মান। আমি সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তারা আমাদের (সহকারী কোচদের ইঙ্গিত করে) সেরা করেছে।’ —ভিসেন্তে দেল বস্ক, বর্ষসেরা কোচ ‘ক্রিস্টিয়ানো হয়তো আজ সেরা বলে স্বীকৃতি পেল না; কিন্তু আমরা জানি, ও কী অসাধারণ ফুটবলার। ও যে কোনো কিছু জয়ের যোগ্যতা রাখে। আমি চেয়েছিলাম, ক্রিস্টিয়ানো যেন এটা জিততে পারে। আমি নিশ্চিত ভবিষ্যতে সে এটা জিতবে।’ —মার্সেলো, রিয়াল মাদ্রিদ তারকা ‘আমি বার্সেলোনার খেলোয়াড়দের কথা ভেবে খুবই গর্বিত। আমাদের দলের যারা আজ পুরস্কৃত হল, তারা তো বটেই; দলের সবার জন্যই আমি গর্বিত। লা মেসিয়া গত ৩০ বছর ধরে যে অসাধারণ কাজ করছে; এটা তারই স্বীকৃতি। মেসি এই লা মেসিয়ারই সৃষ্টি। আর সে হল এই গ্রহের সর্বকালের সেরা প্রতিভাধর ফুটবলার। তাকে অভিনন্দন’ —সান্দ্রো রোসেল, বার্সেলোনা সভাপতি ‘আমি খুবই বিস্মিত ও হতভম্ব। আমি কোনোভাবেই নিজেকে বিশ্বের সেরা ফুটবলার মনে করি না। এটা মার্তা হতে পারতো, অ্যালেক্স হতে পারতো; বিশ্বে অনেকেই এরকম ভালো ফুটবলার আছে। আমি বিশ্বের সেরা নই। হ্যা, আমি বিশ্বের সেরা দলে খেলি। একজন এরকম একটা পুরস্কার তখনই পায়, যখন সে, সেরা একটি দলের অংশ থাকে। আমার প্রতিটা গোলে কারো না কারো সহযোগিতা থাকে। এ পুরস্কার আমার সেই সতীর্থদের জন্য।’ —অ্যাবি ওয়ামব্যাচ, বর্ষসেরা নারী ফুটবলার।