শেয়ারবাজারের লেনদেনে খরা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০০
শেয়ারবাজারের লেনদেনের খড়া যেন কাটছেই না। টানা ছয় কার্যদিবস ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হচ্ছে দু’শ’ কোটি টাকার নিচে। আর গত ২৩ দিনের মধ্যে লেনদেনের পরিমাণ তিনশ’ কোটি টাকা ছাড়াতে পারেনি। গত তিনমাসের মধ্যে ডিএসইতে তিনশ’ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে মাত্র ১৫ দিন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সূচকের ওঠানামা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও লেনদেন অত্যন্ত কম। তবে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে লেনদেন বাড়াতে হবে। আস্থা ও তারল্য সঙ্কটের কারণেই বাজারে লেনদেন কম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় তারল্য সঙ্কট কাটাতে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন তারা। তথ্যে দেখা গেছে, গতকাল মঙ্গলবার ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৬৬টি কোম্পানির ৩ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৪৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৪ কোটি ১৯ লাখ ২১ হাজার ৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি ২১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এনভয় টেক্স ও এনটিসি। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- রেনউইক যজ্ঞেশ্বর, রহিম টেক্সটাইল, এপেক্স ফুডস, এপিক্স স্পিনিং, লিব্রা ইনফিউশন, আরামিট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইসিবি ১ম এনআরবি, মুন্নু সিরামিকস ও ৩য় আইসিবি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, এএমসিএল (প্রাণ), পিএফ ১ম মিউচুয়াল ফান্ড, সাভার রিফ্রেক্টরীজ, জিলবাংলা সুগার, আরামিট কেমিক্যাল, প্রাইম ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রাইম ১ আইসিবিএ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই- ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ২৬৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৪ লাখ ৯৬ হাজার ৫৭৯ টাকা কম। লেনদেনকৃত ১৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। এদিন সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির ৫৩ লাখ ৫২ হাজার ৮৮১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।