বেসরকারি খাতে ৮ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে বৈদেশিক বিনিয়োগ বাছাই সংক্রান্ত কমিটি। গতকাল কমিটির আহবায়ক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে ৭২ তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় সহ বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে ৮ প্রকল্পে ৮ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ১ কোটি ডলার, রবি অজিয়াটা ২ কোটি ৯৬ লাখ ডলার, হোলসিম সিমেন্ট ৭০ লাখ ডলার, এনভয় টেক্সটাইল ১ কোটি ডলার, এভারেস্ট পাওয়ার জেনারেশন ১ কোটি ২০ লাখ ডলার, ফয়সাল স্পিনিং মিল ৬৩ লাখ ৬০ হাজার ডলার, এ অ্যান্ড এ এভিয়েশনের জন্য ২৭ লাখ ডলার এবং গুড রিচ সুয়েটারের জন্য ২২ লাখ ডলার অনুমোদন দেয়া হয়। এ ঋণের সুদের হার হবে ৩ মাস লিবর হিসেবে ৪ দশমিক ৭০ শতাংশ।
কমিটি সূত্রে জানা গেছে, বেসরকারি খাতের আরো বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় আছে। যেগুলো খুব শিগগির অনুমোদন দেয়া হবে। সদ্যসমাপ্ত ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারিখাতে প্রায় ১৪৯ কোটি ডলার বিদেশী বিনিয়োগ অনুমোদন করেছে সরকারের বিদেশী ঋণ সংক্রান্ত বাছাই কমিটি। টেলিকম, খাদ্য উত্পাদন ও তৈরি পোশাকখাতে এই ঋণ অনুমোদন করা হয়। আর ২০১১ সালে সব খাতে ঋণ অনুমোদনের পরিমাণ ছিল ৮১ কোটি ডলার।
